স্পোর্টস রিপোর্টার
সেমিফাইনাল খেলার টার্গেট নিয়ে বিশ্বকাপে গিয়েছে বাংলাদেশ। চার ম্যাচ পর তিন পয়েন্ট পাওয়া বাংলাদেশের শেষ চারের খেলার স্বপ্ন এখন হুমকির মুখে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে উড়ন্ত সূচনার পর টানা দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। সর্বশেষ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রত্যাশিত জয়ের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
বাংলাদেশের একাদশ নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। একাদশে পরিবর্তন নিয়ে যত জল্পনা-কল্পনা ক্রিকেটপ্রেমীদের মাঝে। ব্যাটিংয়ে মিডল অর্ডারে বড় রান না করা মোহাম্মদ মিঠুন আছেন সবচেয়ে বেশি সমালোচনার মুখে। বোলিংয়ে দ্রুতগতির বোলার রুবেল হোসেনের অন্তর্ভুক্তি নিয়েও চলছে জোর আলোচনা।
আগামী ১৭ জুন টনটনে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। গতকাল রাজধানীতে নিজ বাসভবনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানিয়েছেন, উইন্ডিজদের বিরুদ্ধে টাইগারদের একাদশে পরিবর্তন আসবে। দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
আজই আবার ইংল্যান্ড উড়ে যাচ্ছেন বিসিবি সভাপতি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে কথা বলবেন। তখনই একাদশে পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত হবে। গতকাল নাজমুল হাসান পাপন বলেছেন, ‘দলে কিছু পরিবর্তন আনা দরকার। আজকেও (গতকাল) তিনজনের সঙ্গে কথা বলেছি। আমি একটা পরিবর্তন আশা করছি। যেহেতু ছোট মাঠ। আমার ধারণা ব্যাটিংয়ে একটা পরিবর্তন আসবে। বোলিংও একটা পরিবর্তন আসবে। আমি তো কাল (আজ) যাচ্ছি।’
মিডল অর্ডারে মিঠুনের জায়গায় লিটন দাসের জায়গা পাওয়ার জোর গুঞ্জন রয়েছে। বিসিবি সভাপতি বলেছেন, ‘লিটন দাস পাঁচে কেমন করবে জানি না। একজন ওপেনারকে হঠাত্ পাঁচে নামিয়ে দিবেন। সে কেমন করবে বলা কঠিন। সবাই যা বলছে আমি তা অস্বীকার করছি না। এগুলো নিয়ে সবার সাথে কথা বলি।’
বিশ্বকাপে এখনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারছেন না ওপেনার তামিম ইকবাল। যা নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্টও। বোর্ড সভাপতির আশা, তামিম ফর্মে ফিরলে চিন্তা কমে যাবে বাংলাদেশের। গতকাল তিনি বলেছেন, ‘আমরা সবসময় বলে আসছি তামিম-মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যান। তামিম তার ফর্ম ফেরত পাবে ইনশাল্লাহ। ও যখন ফর্ম ফিরে পাবে তখন আমাদের চিন্তা করার কথা না।’
সাকিব, সৌম্য, মুশফিকের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, ‘সৌম্য তিনটা ম্যাচের ২টাতে ভালো খেলেছে। একটাতে পারেনি। অসাধারণ খেলা খেলছে সাকিব। মুশফিকও ভালো করছে।’
হতাশ না হয়ে ক্রিকেটপ্রেমীদেরকে দলের পাশে থাকার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি। গতকাল তিনি বলেছেন, ‘একটা ত্রিদেশীয় সিরিজ জিতেছে। বিশ্বকাপে শুরুতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। পরের ম্যাচেও প্রায় জিতে গিয়েছিল। শেষ ম্যাচটা খারাপ খেলছে। একটা ম্যাচ খারাপ খেলায় বদলে ফেলবেন। এটা দলের জন্য ভালো হয় না। আমরা সহজে হতাশ হয়ে যাই। হতাশ হওয়ার কিছু নাই। এরা ভালো খেলুক এটাই আমরা চাই।’
ব্যাটসম্যানদের কাছে বড় রান আশা করছেন নাজমুল হাসান পাপন। তার মতে, বিশ্বকাপে ম্যাচ জিততে হলে বড় স্কোর গড়তে হবে বাংলাদেশকে।