‘ধাওয়ান দ্রুতই ফিরবে’ -বিরাট

কোহলি

স্পোর্টস রিপোর্টার

শিখর ধাওয়ানকে বলা হয় বড় টুর্নামেন্টের খেলোয়াড়। দ্বিপাক্ষিক সিরিজে তার ফর্ম যেমনই থাকুক, আইসিসি টুর্নামেন্ট এলেই ঝলসে ওঠে এই ভারতীয় ওপেনারের ব্যাট। তার প্রমাণ রেখে এই চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আরো একটা সেঞ্চুরি করেছেন। আর সেই ম্যাচেই বাঁ-হাত ভেঙে ফেলেছেন এই ব্যাটসম্যান। ফলে অন্তত ১০ থেকে ১২ দিনের জন্য ছিটকে গেছেন তিনি মাঠ থেকে। তারপরও আশা ছাড়ছে না ভারত। বিশেষ করে দলটির অধিনায়ক বিরাট কোহলি বলছেন, ধাওয়ানের ইতিবাচক মানসিকতার জোরেই এই ওপেনার দ্রুত মাঠে ফিরে আসবেন বলে তার বিশ্বাস।

শিখর ধাওয়ান এ পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপে ১০টি ম্যাচ খেলেছেন। ক্যারিয়ার গড়ের চেয়ে অনেক বেশি, ৫৩.৭০ গড়ে ৫৩৭ রান করেছেন। এর মধ্যে ৩টি সেঞ্চুরিও আছে। চ্যাম্পিয়নস ট্রফিতে পারফরম্যান্সটা আরো ঈর্ষণীয়। এখানে ১০ ম্যাচে তার রান ৭০১। চ্যাম্পিয়নস ট্রফিতে আছে তার ৩টি সেঞ্চুরি ও ৩টি ফিফটি। এমন রেকর্ডের কারণেই রোহিত শর্মার পাশাপাশি এই ওপেনারের ওপর ভরসা রেখেছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়ায় এখন বিপাকে পড়েছে দল। ২১ জুনের আগে তাকে আর খেলায় আশা করা কঠিন।

বিরাট কোহলি অবশ্য বলেছেন, বিশ্বকাপের প্রথম পর্বের শেষ দিকেই এই ওপেনারকে তারা আবার মাঠে আশা করছেন, ‘ধাওয়ান সপ্তাহ দুয়েক একটা প্লাস্টারে আটকা থাকবে। আশা করছি, ওর ইনজুরি দ্রুত সেরে যাবে। আর আমাদের বিশ্বাস ওকে আমরা লিগ খেলারই শেষ দিকে মাঠে পাবো। সেমিফাইনালে তো অবশ্যই পাবো।’

কোহলি বিশ্বাস করেন, ধাওয়ানের ইতিবাচক মানসিকতাই তাকে দ্রুত খেলায় ফেরাবে। ভারতীয় অধিনায়ক বলছিলেন, এই ওপেনার নিজেই খেলায় ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন, ‘ওকে যেহেতু আবার পাওয়া যাবে, এই চিন্তা থেকে আমরা ওকে এখানে রেখে দিয়েছি। এর একটা বড় কারণ হলো—ও খেলার জন্য উদগ্রীব হয়ে আছে। আমি মনে করি, ওর এই ধরনের মানসিকতার কারণে ওর ইনজুরি দ্রুত সারবে। কারণ, ও আসলেই মাঠে নামতে চায়।’

তবে ব্যাপারটা এত সোজা হবে না বলে বলছিলেন, ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর। কারণ, শুধু ব্যাট করতে পারলেই তাকে মাঠে ফেরার অনুমতি দেবেন না তারা। তারা দেখবেন, ফিল্ডিংয়ের চাপটা ধাওয়ান নিতে পারছেন কি না। সে জন্য ভারী পরীক্ষার ভেতর দিয়ে যেতে হবে ধাওয়ানকে।

শ্রীধর অবশ্য একটু ইতিবাচক একটা ব্যাপার জানিয়ে রেখেছেন, ‘ওর থ্রোয়িংটা সমস্যা হবে না। কারণ, ওর ইনজুরিটা প্রধান হাতে নয়।’ বলে রাখা ভালো, ধাওয়ান বাঁ-হাতি ব্যাটসম্যান হলেও তিনি প্রকৃতিগতভাবে ডান হাতি মানুষ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় ধাওয়ানকে ছাড়া একটা ম্যাচ খেলা থেকে রক্ষা পেয়েছে ভারত। এখন সামনে পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষেও যে এই ওপেনার খেলতে পারবেন না, সেটা একরকম নিশ্চিত।