পেশাদার লিগ শুরু আজ
স্পোর্টস রিপোর্টার
ফিফার বিশ্ব র্যাংকিংয়ে বাংলাদেশ ফুটবল দলের পাঁচ ধাপ উঠে আসার সুখবরের মধ্যে আজ আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মূলত ঈদের ছুটি ও জাতীয় দলের খেলার কারণে ২৩ মের পর দেশের শীর্ষ ফুটবল লিগটি বন্ধ ছিল।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ১৬তম রাউন্ডের খেলায় আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জের বিরুদ্ধে খেলতে নামবে। অপরদিকে দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৭টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা বিজেএমসি।
আবাহনী বর্তমানে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে। সবার ওপরে আছে বসুন্ধরা কিংস। পেশাদার লিগে নবাগত এ ক্লাবটি আগের ১৫ খেলায় অপরাজিত থেকে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। শিরোপা ধরে রাখার চেষ্টায় থাকা আবাহনী সমান খেলায় ৩৬ পয়েন্ট পেয়ে আছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ রাসেল।
লাওসকে হারিয়ে পাঁচ ধাপ
উঠল বাংলাদেশ
বাংলাদেশ ফুটবল দল সম্প্রতি লাওসকে দুই লেগ মিলিয়ে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ও এশিয়ান কাপের মূল বাছাই পর্বে যোগ দেয়। এ সাফল্যের সুবাদে ফিফার বিশ্ব র্যাংকিংয়েও পাঁচ ধাপ এগিয়ে বর্তমানে ১৮৩তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ দলের অবস্থান ছিল ১৮৮ নম্বরে। লাওসকে তাদের মাঠে ১-০ গোলে হারানোর পর ফিরতি লড়াইয়ে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করে কোচ জেমি ডের দল। এরপরই র্যাংকিংয়ে ১৩ পয়েন্ট বাড়ে বাংলাদেশ দলের। অপরদিকে লাওস গড়িয়ে গেছে ১৮৮ নম্বরে।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এখন কেবল ভুটান, শ্রীলঙ্কা ও পাকিস্তানই বাংলাদেশের চেয়ে পিছিয়ে। ভুটান ১৮৬, শ্রীলঙ্কা ২০১ ও পাকিস্তান আছে ২০৫ নম্বরে। অপরদিকে বাংলাদেশের ওপরে আছে নেপাল (১৬৫), মালদ্বীপ (১৫১) ও ভারত (১০১)। একদা দক্ষিণ এশিয়ার হয়ে খেলা আফগানিস্তান আছে ১৪৯ নম্বরে। অপরদিকে পড়শি মায়ানমার আছে ১৩৮ এ।
ফিফার এ র্যাংকিয়ে যথারীতি সবার ওপরে আছে বেলজিয়াম। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আছে দ্বিতীয় স্থানে। ব্রাজিল ও আর্জেন্টিনা আগের মতোই তৃতীয় ও ১১তম স্থান ধরে রেখেছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল নেশন্স লিগ জয়ের সুবাদে দুই ধাপ এগিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে।