বাণিজ্য বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল সার্ভিস অফিস চালু 

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে নতুন কমার্শিয়াল সার্ভিস অফিস চালুর ঘোষণা দেওয়া হয়েছে। ইউএস অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব কমার্স ফর গ্লোবাল মার্কেটস ও ইউএস অ্যান্ড ফরেন কমার্শিয়াল সার্ভিসের মহাপরিচালক অরুন ভেঙ্কটা রামন এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এই ঘোষণা দেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এক সংবাদ  বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের শক্তিশালী ভিত্তিকে প্রসারিত করার একটি উপযুক্ত মুহূর্ত উল্লেখ করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভেঙ্কটা রামন বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার এবং যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে এধরনের গতিশীল ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ব্যবসা করতে সহায়তার ক্ষেত্রে  বাংলাদেশের এই নতুন কমার্শিয়াল সার্ভিস অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

3b4af1ba-9eb0-48a6-9f23-2085a3129eaf

ওই সংবাদ বিজ্ঞপ্তি আরও বলা হয়, ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে একজন ঊর্ধ্বতন ফরেন কমার্শিয়াল সার্ভিস অফিসার নিযুক্ত করছে যাতে যুক্তরাষ্ট্রের রপ্তানির সুযোগ বাড়ানো যায় এবং যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি বাংলাদেশের বাজারে আসার বা উপস্থিতি আরও বাড়ানোর কথা বিবেচনা করছে—তাদের সহায়তায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করা যায়। 

উল্লেখ্য, বিশ্বের ১২২টি দেশ এবং যুক্তরাষ্ট্রের ১০০টির বেশি শহরে অফিসসহ কমার্শিয়াল সার্ভিসের একটি বিস্তৃত বৈশ্বিক নেটওয়ার্ক রয়েছে। এই নতুন কমার্শিয়াল সার্ভিস অফিস চালু হওয়া মোট আন্তর্জাতিক বাজারের সংখ্যা ৮১ তে দাঁড়িয়েছে। এছাড়া এশিয়াজুড়ে বাংলাদেশসহ ১৯টি বাজারে কমার্শিয়াল সার্ভিসের উপস্থিতি থাকবে। বিস্তারিত জানতে www.trade.gov-তে ভিজিট করুন।