বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ নুরুল আলম নিজামী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্থানীয় সরকার উপ-পরিচালক ইয়াছমিন পারভীন তিবরীজি, বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল্ বশিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী।
অনুষ্ঠানে মুখ্য আলোচক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ নুরুল আলম নিজামী বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে দেশকে দারিদ্র্য মুক্ত করতে কাজ করে যাচ্ছে সরকার। আগামী ২/৩ বছরের সারাদেশে শতভাগ বিদ্যুত্ নিশ্চিত হবে। শ্রম দিলে উত্পাদন বাড়বে। উত্পাদন বাড়লে সঞ্চয় বাড়বে। আমাদের লক্ষ্য ও উদ্যোগে টেকসই উন্নত বাংলাদেশ গড়া।
অনুষ্ঠানে ৮টি গ্রুপে বিভক্ত করে কর্মশালায় মতামত প্রদান করা হয়। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, অধ্যক্ষ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।