নান্দাইলে নয়নাভিরাম পদ্মবিল, সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা

অপরূপ সৌন্দর্যে সেজেছে প্রকৃতি। প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুলের অপরূপ সৌন্দর্যে মন হারিয়ে যায়। পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন ময়মনসিংহের নান্দাইলের বড়বড়িয়া বিলে। স্থানীয়রা এখন একে পদ্মবিল বলে ডাকে।

নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়কের পাশে চারিআনিপাড়া ও ভাটি কান্দাপাড়া মধ্যবর্তী এলাকায় এই পদ্মবিলের অবস্থান।

সরেজমিন দেখা যায়, পদ্ম বিলে হাজার হাজার পদ্মফুল ফুটে আছে। দৃষ্টিনন্দন সাদা, লাল ও গোলাপী পদ্মফুলের ছড়াছড়ি। যে দিকে চোখ যায় দৃষ্টিজুড়ে শুধু পদ্ম আর পদ্ম। বিকেল থেকে সন্ধ্যে পযর্ন্ত ভ্রমণপ্রিয় লোকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে বিলপাড়।

Nandail Pic(2) 28.10.22

বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, তরুণ-তরুণীদের আড্ডা, আনন্দ আর হইচইয়ে মুখরিত হয়ে উঠে পদ্ম বিলপাড়। বিলজুড়ে পদ্মফুলের সঙ্গে ছবি তুলে ফ্রেমবন্দী করে রাখছেন অনেকেই।

উপজেলার বীরকামটখালী থেকে আসা মো. গোলাম মোস্তফা বলেন, লোকমুখে শুনে পদ্মফুল দেখতে এসেছি। দৃষ্টিনন্দন সারি সারি পদ্মফুল দেখে খুবই আনন্দ পেলাম। তবে অনেকেই পদ্ম ছিঁড়ে নিয়ে যাচ্ছে, যা দেখতে খুবই খারাপ লাগছে।

পদ্মবিল পাড়ের বাসিন্দা উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু বলেন, জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে আসেন।

ময়মনসিংহ থেকে আসা মুমিনুন্নেসা কলেজ শিক্ষার্থী সাদিয়া আফরিন অনন্যা জানান, পদ্মবিলের স্নিগ্ধতায় মুগ্ধ হয়েছি। এ রকম নয়নাভিরাম পদ্মের সমাহার যেকোনো ভ্রমণ পিয়াসুর জন্য প্রশান্তির একটি স্থান।

Nandail Pic(1) 28.10.22

নান্দাইলের সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক অরবিন্দ পাল অখিল বলেন, পদ্ম একটি বর্ষজীবী জলজ উদ্ভিদ। জলের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এটি বেড়ে উঠে। ভিন্ন নামও রয়েছে। যেমন- কমল, উৎপল, অরবিন্দ, পঙ্কজ, শতদল, রাজীব ইত্যাদি। এর গোত্র Nelumbonaceae. এবং বৈজ্ঞানিক নাম Nelumbo nucifera. এটি পানির স্বচ্ছতা বজায় রাখে। জলজ পাখি যেমন ডাহুক, কুড়া এবং অন্যান্য জলজ প্রাণির আবাসস্থল। এক সময় আমাদের দেশে অনেক পদ্ম দেখা যেত। বর্তমান সময়ে বিল-ঝিলসহ বিভিন্ন জলাশয় ভরাট হয়ে যাওয়ার কারণে পদ্মফুল প্রায় বিলুপ্তির পথে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া পদ্মফুল দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসছেন। বিনোদন প্রিয় লোকদের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয় হয়ে উঠছে।