চলমান টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০৪ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তবে, সেই ব্যর্থতা ভুলে পরবর্তী জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের জন্য সিডনি থেকে ব্রিসবেনে পৌঁছেছে টাইগাররা।
শুক্রবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০ টায় ব্রিসবেনে পৌঁছে বাংলাদেশ দল। ব্রিসবেনে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ:২ এ দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে বাংলাদেশ দল। আর বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে ১ রানের জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে জিম্বাবুয়ে।
নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ধরাশায়ী হয়েছে টাইগাররা। অন্যদিকে, জিম্বাবুয়ে নিজেদের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট পায় আর পাকিস্তানের বিপক্ষে ১ রানে জয় নিয়ে বাংলাদেশের চেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে।
বাংলাদেশ দল ব্রিসবেন পৌঁছেই সরাসরি চলে যায় স্টেডিয়ামে উইকেট দেখতে। এরপর সেখান থেকে যায় টিম হোটেলে। শনিবার (২৯ অক্টোবর) অনুশীলন করবে বাংলাদেশ দল।