ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলো তিনটি ট্রেন। এ ঘটনায় বন্ধ থাকার দেড় ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে অল্পের জন্য সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে এসব ট্রেন। এই ঘটনার পর থেকে আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে দেড় ঘণ্টা পর বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস দাঁড়ানো ছিল। এর পেছনে প্রায় একশ গজ দূরে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী কন্টেইনার। অপরদিকে সিগন্যাল পেয়ে হোম সিগন্যাল থেকে এক নম্বর প্ল্যাটফর্মে মালবাহী কন্টেইনার ট্রেন প্রবেশের আগ মূহুর্তে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন হোম সিগন্যাল অতিক্রম করে। এ সময় যদি মালবাহী কন্টেইনার ট্রেনটি এক নম্বর প্ল্যাটফরমে প্রবেশ না করতো তাহলে যাত্রীবাহী বিজয় এক্সপ্রেস ও মালবাহী কন্টেইনার ট্রেনটির মুখোমুখি সংঘর্ষ ঘটতো।
ট্রেনের সহকারী চালক আবু তালহা বলেন, ‘সিগন্যাল পেয়েই আখাউড়ায় প্রবেশ করছিলেন। এ সময় সামনে ট্রেন দেখে থামিয়ে ফেলেন।
কেবিন থেকে বলা হচ্ছে, কোনো কাগুজে নির্দেশনা ছাড়াই ট্রেন পেছাতে বললে তাতে তিনি সায় দেননি। কাগজ পেলে ট্রেন পেছনে নেওয়া হবে।
স্টেশন কেবিন মাস্টার খায়রুল ইসলাম বলেন, ‘চালক সিগন্যাল অতিক্রম করে। তবে সেটা কেন করলেন তা বুঝতে পারিনি।’