রংপুরে বিএনপির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের

রংপুরে গণসমাবেশের আগের দিন বিএনপির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ। এ সময় বিএনপির নেতা-কর্মীরা তাদের ব্যানার ফেস্টুন সরিয়ে সমাবেশের ব্যানার লাগিয়েছে বলে অভিযোগ তোলা হয়। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরের পরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি। 

তিনি বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা আগাগোড়া সহযোগিতা করছি। বিএনপি তাদের গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক কাজ পরিচালনা করবে তাতে তাদের আপত্তি নেই। আমরা বারবার আশা করে আসছি বিএনপি গণতন্ত্রে ফিরে আসুক রাজনীতিতে ফিরে আসুক, তারা নির্বাচনে ফিরে আসুক। এই আশা করে তাদের সমাবেশের আগে আমরা কোন সভা সমাবেশ মিছিল করিনি যাতে সমাবেশে ব্যাঘাত না ঘটে। কিন্তু গত রাতে বিএনপি ও তাদের নেতা-কর্মীরা রংপুর শহরের বিভিন্ন জায়গায় লাগানো আওয়ামী লীগ নেতৃবৃন্দের ব্যানার সরিয়ে সেখানে বিএনপির সমাবেশের ব্যানার লাগিয়েছে। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পায়ে পা দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু কোন অরাজকতা করলে আমরা ছাড় দেবো না।’

তবে এ অভিযোগকে জঘন্য মিথ্যা দাবি করেছেন মহানগর বিএনপির সভাপতি সামসুজ্জামান সামু। তিনি বলেন, ‘আমরা ইজারাদার কোম্পানির কাছ থেকে তিন দিনের জন্য বিলবোর্ড লাগানোর জায়গা ভাড়া নিয়েছি যেগুলো দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ দখল করে রেখেছিল। সংবাদ সম্মেলন ডেকে যে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তাতে এ কথা স্পষ্ট যে, তারাই একটি অরাজকতা তৈরি করার জন্য স্পষ্টভাবে উস্কানি দিচ্ছে।’

এদিকে বিকেল সমাবেশস্থলে সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে রংপুর মহানগর বিএনপি।