ফেনী নদীতে এক ভাইকে বাঁচাতে গিয়ে ডুবে গেল তিন ভাই!

রামগড় (খাগড়াছড়ি) সংবাদদাতা

রামগড় উপজেলার ভুজপুরের বাগানবাজার এলাকায় ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া এক ভাইকে বাঁচাতে গিয়ে একে একে প্রাণ গেলো তিন ভাইয়ের। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ফায়ার সার্ভিস, যুব রেড ক্রিসেন্ট ও স্থানীয় লোকজনের দীর্ঘ চার ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ডুবে যাওয়া তিনটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছে—বাগানবাজারের গ্রীস প্রবাসী মো. বোরহান উদ্দিনের দুই শিশু পুত্র মো. জোবায়ের হোসেন মুকুল (১৪) ও মো. আজহার হোসেন (১২) এবং পূর্ব হলুদিয়া গ্রামের ইফতেখার হোসেন আলীর পুত্র তৌহিদুল আলম সাইফ (৮)। মুকুল ও আজহার সাইফের আপন খালাতো ভাই।

ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুকুল, আজহার, সাইফ ও মাহিম (৮) তাদের নানার বাড়ির পাশের সীমান্তবর্তী ফেনী নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সাইফ নদীর গভীর পানির একটি অংশে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল। এটি দেখে তার খালাত ভাই মুকুল তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। সেও ডুবে যাচ্ছে দেখে তার ছোট ভাই আজহারও ওদের বাঁচাতে একইভাবে ঝাঁপিয়ে পড়ে। একে একে তিন ভাইয়ের ডুবে যাওয়ার দৃশ্য দেখে মাহিম দৌড়ে বাড়িতে গিয়ে স্বজনদের খবরটি জানায়। পরে বাড়ির লোকজন ও বাজার এলাকার শত শত মানুষ নদীর ওই গভীর জলের অংশে ঝাঁপিয়ে পড়ে শিশুদের উদ্ধারে।

নিহতদের স্বজন আকবর হোসেন বলেন, তিন-চার দিন আগে তারা সবাই বাগানবাজারে তাদের নানা নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে বেড়াতে এসেছিল। বিকালে তারা নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। ফিরেছে ঠিকই, তবে লাশ হয়ে। রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ডলার ত্রিপুরা বলেন, নদীর একটি স্থানে প্রায় ১৫-১৬ ফুট গভীর ছিল। ওই স্থানেই শিশু তিনজন ডুবে যায়।