'প্রয়োজনে মেসির জন্য যুদ্ধে নামবো'

বিশ্বের কোটি ফুটবলপ্রেমী স্বপ্ন দেখেন মেসির হাতে উঠবে বিশ্বকাপের সোনালি ট্রফি। মেসির বয়স ৩৫ পেরিয়ে গেলেও এখনো সেই স্বপ্ন অধরাই রয়ে গেছে। আসন্ন কাতার বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ। অক্টোবরের প্রথম সপ্তাহে মেসি নিজেই জানিয়েছিলেন কাতার বিশ্বকাপের পর আর্জেন্টিনা জার্সি গায়ে আর বিশ্বকাপ খেলবেন না তিনি।

তবে, মেসির এই কথা বিশ্বাসই হচ্ছে না মেসির সতীর্থ আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, 'পাগল নাকি! কাতার বিশ্বকাপ তার (মেসির) শেষ বিশ্বকাপ হয় কি করে?

গত ৬ অক্টোবর আর্জেন্টাইন সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোকে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘বিশ্বকাপের জন্য প্রহর গুনছি। একই সঙ্গে প্রবল উদ্দীপনা আর দুশ্চিন্তা কাজ করছে। আমরা এটা জিততে চাই, কি হবে জানি না। তবে এটাই শেষ, যা-ই হোক না কেন।’

মেসির এমন কথায় আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ইএসপিএনকে বলেন, ‘এটা মেসির শেষ বিশ্বকাপ হয় কীভাবে? পাগল নাকি! আমরা তাকে যেতে দেব না। প্রয়োজন হলে আমরা তার জন্য যুদ্ধে যাব।’