বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় জেলের পরিবর্তে যিনি এখন বাসায় আছেন তার কথায় নাকি আগামী ১০ ডিসেম্বরের পর দেশ চলবে! বিএনপির নেতাকর্মীদের এমন উদ্ভট বক্তব্যে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। আগামী ১০ ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলা তো দূরের কথা বিএনপি চলবে কি না তা নিয়েই সন্দেহ আছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে মাদারীপুরের শিবচরে রিজিয়া বেগম মহিলা কলেজে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী।
চিফ হুইপ বলেন, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দয়ায় জাতীয় পার্টির কিছু নেতার এমপি হয়ে সংসদে আসার সুযোগ হয়েছিল। আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টির কোনো নেতা এমপি হবে সেটা দুঃস্বপ্ন। জাতীয় পার্টিতে এখন দেবর-ভাবির লড়াই চলছে। যে তার ভাবিকে চেয়ারে বসতে দেয় না সে দলের অন্য নেতাকর্মীদের বসতে দেবে এটা আশা করা যায় না।
শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র আওলাদ হোসেন খান, নবাগত শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন।