ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রীদের হয়রানির অভিযোগে ১০ বখাটেকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার সকালে তাদের স্টেশনের ১ ও ২নং প্লাটফর্ম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মিজানুর রহমান, সাব্বির, আলম মিয়া, সোহাগ মিয়া, জাকির হোসেন, সুভাষ, সোহেল মিয়া, মানিক মিয়া, হাছান মিয়া ও লিটন খন্দকার। এদের সবার বাড়ি কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায়।
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা বেশ কিছু দিন যাবত্ প্লাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের কাছে টাকা চেয়ে না পেলে হয়রানিসহ সঙ্গে থাকা নারী যাত্রীদের উত্ত্যক্ত করে আসছে। যাত্রীদের এমন অভিযোগের ভিত্তিতে ১০ বখাটেকে পুলিশ গ্রেফতার করে।
ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রীদের হয়রানি ও আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টির অভিযোগে মামলা দিয়ে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।