বিজিবি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি সাঁতার প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিজিবি’র ঢাকা সেক্টরের ব্যবস্থাপনায় পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের সুইমিং কমপ্লেক্সে বিজিবি সাঁতার প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিজিবি’র সব রিজিয়ন ও সেক্টর হতে ৭টি সাঁতার দল অংশগ্রহণ করে। এতে ১০টি ব্যক্তিগত এবং ২টি দলগত ইভেন্টেসহ ১২টি ইভেন্টে ২৩ জন নবীন ও ১০৯ জন প্রবীণসহ ১৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

বিজিবি সাঁতার প্রতিযোগিতায় ৩টি স্বর্ণ ও ৩টি রৌপ্য পদক পেয়ে ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি তাম্র পদক পেয়ে কক্সবাজার রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া দলগত ইভেন্ট ওয়াটার পোলো খেলায় ঢাকা সেক্টর চ্যাম্পিয়ন এবং সরাইল রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। দলগত এবং ব্যক্তিগত ইভেন্টে বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে কক্সবাজার রিজিয়নের নম্বর-১০৯৪২২ সিপাহী রুবেল মিয়া শ্রেষ্ঠ নবীন ও ঢাকা সেক্টরের নম্বর-৭১৯৩৬ নায়েক ওহিদুজ্জামান শ্রেষ্ঠ প্রবীণ সাঁতারু হিসেবে নির্বাচিত হয়।