নকলায় এসআই প্রত্যাহার

গাছে বেঁধে গৃহবধূ নির্যাতন

নকলা (শেরপুর) সংবাদদাতা

নকলায় গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নকলা থানার এসআই ওমর ফারুককে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ গঠিত তদন্ত কমিটির সদস্য নালিতাবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ ও এসআই ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিস করা হয়।

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুঁইয়া বৃহস্পতিবার বিকেলে নকলা শহরের কায়দা এলাকার বর্ণিত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নির্যাতিতা গৃহবধূ ও তার স্বামীসহ স্থানীয় লোকদের সঙ্গে কথা বলেন।

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং এজাহারনামীয় আসামিদের বাইরে আরো কারো মদদ থাকলে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে আশ্বস্ত করেন অতিরিক্ত ডিআইজি। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানান।

প্রায় একমাস আগে গত ১০ মে এ ঘটনা ঘটলেও নির্যাতিতার স্বামী ছফিউল্লাহ ৩ জুন শেরপুরের আমলি আদালতে তার সহোদর ভাই আবু সালেহসহ পাঁচজনের নামসহ অজ্ঞাত পাঁচ-সাতজনকে আসামি করে একটি নালিশি মামলা করেন। এ মামলায় গত বুধবার নাসিমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।