যশোরে পাঁচ শতাধিক ডাক কর্মচারীর মানবেতর জীবনযাপন

যশোর অফিস

দীর্ঘদিন ধরে চাকরি করলেও বেতন বৈষম্যের নিরসন হয়নি যশোরের গ্রামীণ ডাক কর্মচারীদের।বেতন বৈষম্য নিরসনের দাবিতে শনিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন জেলা শাখা।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন আকাশ বলেন, জেলার গ্রামীণ ডাক বিভাগে ৫৫৩ জন কর্মচারী কর্মরত। আমাদের বিভাগের বেতন কাঠামো এখনো ব্রিটিশ বৃত্তের মধ্যেই আছে। বর্তমানে পোস্টমাস্টার চার হাজার ৪৬৫ টাকা, পিয়ন চার হাজার ৩৬৫ টাকা ও রানার চার হাজার ১৭৭ টাকা পান। দ্রব্যমূলের ঊর্ধ্বগতির বাজারে এই বেতনে সংসার চালানো অসম্ভব। একই কাজ করলেও বিভাগীয় ডাক কর্মচারীর সরকারি সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন। একই প্রতিষ্ঠানে, একই পদে কর্মরত কর্মচারীর বেতন বৈষম্য চরমে। বেতন বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে গ্রামীণ ডাক কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি আব্বাস হোসেন, জেলা জাতীয় শ্রমিক লীগ নেতা নাছির উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।