ইত্তেফাকের উখিয়া সংবাদদাতা রফিক উদ্দিন বাবুলের ইন্তেকাল 

দৈনিক ইত্তেফাকের উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল (৬৯) মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। 

রোববার (৩০ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে উখিয়া স্টেশন এলাকার বাজারপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন বাবুলের ছোট ভাই মোসলেম উদ্দিন।

রোববার আছর নামাজের পর জানাজা শেষে তাকে উখিয়া স্টেশন কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি।

রফিক উদ্দিন বাবুল উখিয়া স্টেশন এলাকার বাজারপাড়ার মরহুম জাকের হোসেন মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 
 
তিনি বিগত ৪০ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। আর প্রায় দুই যুগের বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা হিসেবে আমৃত্যু কাজ করে গেছেন। জীবদ্দশায় তিনি উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সভাপতির দায়িত্ব পালন করেন। যুক্ত ছিলেন সামাজিক নানা সংগঠনের সাথে। প্রতিবাদী ও উন্নয়ন সাংবাদিক হিসেবে রফিক উদ্দিন বাবুলের সুনাম ছিল এলাকায়। 

উখিয়া প্রেসক্লাব সভাপতি এসএম আনোয়ার, সাধারণ সম্পাদক রতন ধর, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর শোক জানিয়েছেন।