মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ায় দোকানিকে হত্যার অভিযোগ

ফরিদপুরে মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দেওয়ায় তৈয়াব আলী আকন্দ (৬৫) নামে এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তৈয়াব আলী উক্ত গ্ৰামের মৃত কাদের আকন্দর ছেলে।

জানা যায়, গত ১ মাস আগে মাদক ব্যবসায়ী ভিসা কাজিকে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী। জামিনে বের হয়ে এসে ভিসা কাজী তার অনুসারীদের নিয়ে সন্ধ্যার পর হামলা চালায়। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদক ব্যবসায়ীদের হামলায় গুরুতর আহত তৈয়াব আলী আকন্দকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে রোববার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দোষীদের আটকের চেষ্টা চলছে।