গঙ্গাচড়ায় খরতাপে জনজীবন বিপর্যস্ত

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা                                                                               

খরতাপে রংপুরের গঙ্গাচড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের ত্রাহি অবস্থা। মেঘহীন আকাশ। যেন আগুনের ফুলকি ঝরছে আকাশ থেকে। সূর্যের তির্যক রশ্মি মানুষকে কাহিল করে ফেলেছে। সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত লোকজনের রাস্তাঘাটে উপস্থিতি থাকলেও দুপুরের পর থেকে রাস্তা প্রায় ফাঁকা দেখা গেছে। নিতান্ত প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হননি। একটু স্বস্তির আশায় লোকজন ছায়ায় বিশ্রামের আশায় ছুটছে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলো প্রচণ্ড রোদে অনেকেই কাজে যাননি।

স্থানীয় লোকজন জানান, এরকম অবস্থা কয়েকদিন থেকে চললেও আজকের অবস্থা খুবই কঠিন। এ অবস্থায় উপজেলার বিভিন্ন এলাকায় ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শিশুসহ বয়স্করাও আক্রান্ত হচ্ছে। শুক্রবার দিনের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।