চাটমোহরে ডায়রিয়া ও ভাইরাস জ্বরের প্রকোপ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে প্রচণ্ড গরমে মানুষজন অস্থির হয়ে পড়েছে। দাবদাহের তীব্রতার কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘর হতে বের হচ্ছেন না। গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, বৃদ্ধ আর শ্রমজীবী মানুষ। প্রচণ্ড গরমের কারণে ও বৈরী আবহাওয়ায় ডায়রিয়া ও ভাইরাস জ্বরের প্রকোপ বেড়েছে। গত এক সপ্তাহে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক ডায়রিয়া রোগীকে চিকিত্সা দেওয়া হয়েছে। এ ছাড়া ভাইরাস জ্বরে আক্রান্ত অসংখ্য রোগীকে চিকিত্সা দেওয়া হয়েছে। হাসপাতালে স্যালাইন সরবরাহ থাকলেও পৌর শহরের ওষুধের দোকানসহ অন্য দোকানে এসএমসির স্যালাইন মিলছে না।    

গতকাল শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ৫০ শয্যার এই হাসপাতালে শতাধিক রোগী ভর্তি রয়েছে। বারান্দায় রোগীদের রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার স ম কায়েজিদ উল ইসলাম জানান, অতিরিক্ত গরমে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের বেশিরভাগই ভাইরাস জ্বর, পেটের পীড়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগী। তিনি এই গরমে সবাইকে শরীরের পানির ঘাটতি পূরণে খাবার স্যালাইন ও বেশি বেশি পানি খাওয়ার পরামর্শ দেন।