বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘায় হ্যান্ডকাপসহ পালানোর দেড় ঘণ্টা পর দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার কলিকগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে উপজেলার কলিকগ্রাম এলাকার বয়েজ ঠাকুরের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ ও তার সহযোগী পার্শ্ববর্তী লালপুর উপজেলার পাকপাড়া গ্রামের হাবিবুর রহমানকে তিন প্যাকেট ইয়াবাসহ আজিজের বাড়ির সামনে থেকে গ্রেফতার করেন বাঘা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক রেজাউল এবং রাকিবুল। তাদের দুজনকে হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হয়। কিন্তু মুহূর্তের মধ্যে আজিজের বোন পারুল আক্তার ও স্ত্রী সাইদা বেগম এসে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু করে। ঘটনার এক পর্যায়ে আসামিরা হ্যান্ডকাপসহ পালিয়ে যায়। এরপর পুলিশ ওই দুই নারীকে থানায় নিয়ে আসে। পরে একই এলাকার মাহাতাব আলীর বাড়ি থেকে ওসি আসামিদের গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাসীন আলী বলেন, গ্রেফতারকৃত আব্দুল আজিজ স্থানীয় এক নেতার আত্মীয়। তার নামে বাঘা থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। শনিবার সকালে দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।