সৈয়দপুরে তরুণী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে এক তরুণী গণধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিতা নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় বৃহস্পতিবার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ গণধর্ষণের সাথে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে।

এর আগে বুধবার রাতে সৈয়দপুর শহরের কয়া গোলাহাট বাইপাস মহাসড়কের পাশে গণধর্ষণের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, সৈয়দপুর পৌরসভার কয়া গোলাহাটের দক্ষিণ পাড়ার আকবর আলীর ছেলে আমজাদ হোসেন ও ডাঙ্গাপাড়ার ফজলুল হকের ছেলে আব্দুল খালেক।

অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল দুই ধর্ষককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত আরো এক যুবককে গ্রেফতারে জোর চেষ্টা চলছে।