পঞ্চগড়ের বোদায় মাইক্রোবাস, ট্রাক ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন ১৬ জন। রবিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ের সড়কে চন্দনবাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (৩০ অক্টোবর) রাতে বিয়ে বাড়ি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সোনাপাড়া এলাকা থেকে কনে নিয়ে ফেরার পথে বরযাত্রীবাহী এক মাইক্রোবাস বরযাত্রীর বাড়ীতে ফেরার পথে চন্দনবাড়ী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকায় আসা মাত্রই মাইক্রোবাস, ট্রাক ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় রাস্তায় চলাচলরত একটি সিএনজি মাইকোবাসটিকেও ধাক্কা দেয়। তখন যাত্রীবাহী মাইক্রোবাস, ট্রাক ও সিএনজি ত্রিমুখী সংঘর্ষে সিএনজিটি রাস্তার পাশে খালে পড়ে যায় এবং মাইক্রোবাস সামনের অংশ সম্পূর্ণ ভেঙ্গে যায়। এতে শিশু, নারীসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর।
তাদের মধ্যে ৩ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, মাইক্রোবাসের বরযাত্রী সাফা (৩ মাস), সিফা (৫), সোহানা (৮), সাব্বির হোসেন (৮), সোহাগ (১১), তমা (১৪), জান্নাতুন ফেরদৌস (১৮), শাহিন আলম (২০), নারগুন (২২), সামসুন নাহার (২২), মমিনুল ইসলাম (২৬), আলমগীর হোসেন (২৮), জমিরুল ইসলাম (৩৩), ওলিয়ার রহমান (৩৫), সিএনজি চালক গোপাল (৪৫), আজিমউদ্দিন (৬৫)। আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং সিএনজি চালক আহত হন। তবে তাদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
ওসি সুজয় কুমার রায় জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে অফিসার পুলিশ ফোর্সসহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় উদ্ধার কাজ চালিয়ে আহতদের প্রথমে বোদা উপজেলা হাসপাতালে পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহতদের পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।