পাকিস্তান ছাড়লেন সিনিয়র সাংবাদিক মঈদ পীরজাদা 

পাকিস্তান ছাড়লেন দেশটির সিনিয়র সাংবাদিক মঈদ পীরজাদা। রোববার (৩০ অক্টোবর) তিনি পাকিস্তান ছেড়ে যুক্তরাজ্য পৌঁছেছেন। দ্য নেশন নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

রিপোর্ট, পীরজাদা তার ব্লগে পাকিস্তান ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের সিনিয়র এই সাংবাদিক সেইসঙ্গে জানিয়েছেন, তিনি এখন যুক্তরাজ্যে। তবে কোনো হুমকি পেয়ে পাকিস্তান ছাড়েননি বলে জানিয়েছেন। এই নিয়ে তিনি বলেছেন, অন্য কারণ আছে। 

মঈদ পীরজাদা একজন পাকিস্তানি রাজনৈতিক ভাষ্যকার, ভূ-কৌশলগত বিশ্লেষক এবং টেলিভিশন সাংবাদিক। তিনি বিভিন্ন দেশের রাজনীতিবিদদের সাক্ষাৎকার নিয়েছেন। এছাড়া তিনি দেশটির জাতীয় পত্রিকায় কলাম লিখতেন। 

এর আগে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন, হুমকি পাওয়ার কারণে সাংবাদিকরা পাকিস্তান থেকে পালিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন। লংমার্চের ভাষণে পিটিআই চেয়ারম্যান এসব অভিযোগ করেছেন। সেই সময় তিনি বিদেশে পীরজাদার চলে যাওয়ার কথাও উল্লেখ করেন।