বাংলাদেশ সেনাবাহিনীর এভিয়েশন বেসিক কোর্স-১২ এর ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান

আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এভিয়েশন বেসিক কোর্স-১২ এর সমাপনী অনুষ্ঠান সোমবার (৩১ অক্টোবর ২০২২) তেজগাঁও এর আর্মি এভিয়েশন গ্রুপে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত থেকে নবীন সেনা বৈমানিকদের সার্টিফিকেট প্রদান ও তাদের ফ্লাইং ব্রেভেট পড়িয়ে দেন।

এ সময় সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, নৌবাহিনীর সহকারী নৌ প্রধান রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক, এবং বিমান বাহিনী ঘাঁটি বাশার এর অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান, গ্রুপ কমান্ডার, আর্মি এভিয়েশন গ্রুপ মেজর জেনারেল আই কে এম মোস্তাহসেনুল বাকীসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান নবীনদের সার্টিফিকেপ প্রদান করেন

‘গতি ও নিপুনতা’ এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রতিষ্ঠান আর্মি এভিয়েশন গ্রুপ ০১ জানুয়ারি ১৯৮১ তারিখে প্রতিষ্ঠার পর হতে তরুণ সামরিক এবং পুলিশ অফিসারদের উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনা, নৌ ও বাংলাদেশ পুলিশ বাহিনীর ১০ জন তরুণ গত ০৪ জুলাই ২০২১ তারিখ হতে এভিয়েশন বেসিক কোর্স-১২ এর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

বক্তব্য দিচ্ছেন সেনাপ্রধান

উক্ত কোর্সে সেসনা-১৫২ এ্যারোবেট বিমানের সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মোঃ আবু তালহা আরেফিন, এএসসি এবং ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানের শ্রেষ্ঠ বৈমানিক হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী পুলিশ কমিশনার মো সারোয়ার হোসাইন।

উল্লেখ্য, তেজগাঁও পুরাতন বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকার বাইরে রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দর অস্থায়ী ক্যাম্প হতে এই উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করা হয়।