ল্যাপটপ চুরি করে ক্ষমা চেয়ে গবেষণার নথি ফেরত পাঠালো চোর! 

চোর কখনো চুরি করে দুঃখ প্রকাশ করে ই-মেইল পাঠিয়েছে শুনেছেন? শুধু তাই নয় ফেরত পাঠিয়েছে গুরুত্বপূর্ণ নথিও। সম্প্রতি নেটমাধ্যমে এমনই এক অদ্ভুত চোরের কাহিনী ভাইরাল হয়েছে। 

 গড গুলুভা নামে এক ব্যক্তি সম্প্রতি তার সঙ্গে ঘটে যাওয়া এই মজার ঘটনা টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘গত রাতে যে আমার ল্যাপটপ চুরি করেছে, আর আমার ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে আমাকেই মেইল করেছে! রাগ করব বা ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।’

ই-মেইলে চোর লিখেছে, ‘গতকাল আমি আপনার ল্যাপটপ চুরি করেছি। আমার সত্যিই কিছু টাকার প্রয়োজন ছিল। ল্যাপটপটা ঘেঁটে আমি দেখেছি, আপনি কোনও গবেষণার কাজে ব্যস্ত আছেন। আমি সেই সংক্রান্ত সব ফাইল আপনাকে মেইল করলাম। আপনার যদি আরও কোনও তথ্যের প্রয়োজন হয়, তা হলে আপনি আমার সঙ্গে সোমবার দুপুর ১২টার আগে যোগাযোগ করুন। আমি কিন্তু ল্যাপটপটা বিক্রি করার গ্রাহক খুঁজে পেয়েছি।’  

এই ঘটনায় হাস্যরসের পাশাপাশি এই অদ্ভুত চোরের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন নেটিজেনরা।