তিন মাস পর দেশে ফিরলেন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়া ৪০ জেলে

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়া ৪০ বাংলাদেশি জেলে ভারতের আশ্রয়কেন্দ্রে তিন মাস অবস্থানের পর দেশে ফিরেছেন। এখনো সেখানে ৪৯ জন বাংলাদেশি জেলে রয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পাসে’ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে ৬ জন পিরোজপুর ও ৩৪ জন বরগুনা জেলার বাসিন্দা।

ভারতে নিযুক্ত বাংলাদেশি উপহাইকমিশনার মারেফাত তারিকুল ইসলাম বলেন, ‘ফেরত আসা বাংলাদেশি ৪০ জন মৎস্যজীবীর মধ্যে কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাডসেন্টারে নিরাপত্তা হেফাজতে ছিলেন ২৩ জন। বাকি ১৭ জন ছিলেন মইপিঠ এলাকায়। খুব তাড়াতাড়ি আরও অপর ৪৯ জনকে ফেরত পাঠানো হবে। দুই দেশের সহযোগিতায় এটা দ্রুত সম্ভব হচ্ছে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

উল্লেখ্য, গত ১৯ আগস্ট বঙ্গোপসাগরে ঝড়ে ফিশিং বোট ডুবে যায়। ডুবে যাওয়া বোটের বাংলাদেশের ৯০ জেলেকে ভাসমান অবস্থায় ভারতের জলসীমায় সে দেশের জেলেরা উদ্ধার করে কাকদ্বীপ, মইপিঠ ও জীবনতলা আশ্রয় কেন্দ্রে রাখে বলে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিসারমেন অ্যাসোসিয়েশন সেক্রেটারি জয় কৃষ্ণ হালদার জানিয়েছেন।