পাওয়ার প্লেতে আশা জাগানিয়া বোলিং টাইগারদের

টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে বল করতে নেমে প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছে বাংলাদেশ। টাইগারদের পক্ষে বোলিংয়ের সূচনা করেন পেসার তাসকিন আহমেদ। ওভারের প্রথম চারটি ডট বল করেন। পঞ্চম বলে ১ রান নেন লোকেশ রাহুল। ওভারের শেষ বলটিও ডট করেন তাসকিন। 

দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন একাদশে সুযোগ পাওয়া শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারের এক নো বল ও এক ছক্কায় দেন ৯ রান। ওভারের পঞ্চম বলে ডিপ স্কয়ার লেগে ছক্কা হাঁকান লোকেশ রাহুল। 

এরপর ইনিংসের তৃতীয় ওভারে আবারও বোলিংয়ে আসেন তাসকিন। ওভারের চতুর্থ বলে স্কয়ার লেগে ক্যাচ দেন রোহিত শর্মা। কিন্তু রোহিতের ক্যাচ ছেড়ে দেন হাসান মাহমুদ। এই ওভারেও মাত্র ১ রান দেন তাসকিন।

ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে এসে মাপ মোচন করেন হাসান মাহমুদ। ওভারের প্রথম বলে রোহিতকে আউট করেন তিনি। হাসান মাহমুদের বলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা ইয়াসিরের হাতে ধরা পড়েন রোহিত। এরপর ওভারের চতুর্থ বলে চার ও পঞ্চম বলে ছয় মারেন লোকেশ রাহুল।

হাসানের পর আবারও তাসকিনকে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব আল হাসান। ওভারের প্রথম দুই বলে দুটি চার মারেন ওয়ান ডাউনে নামা বিরাট কোহলি। এরপরের বলগুলো ডট করেন তাসকিন। ৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করে ভারত। পাওয়ার প্লের শেষ ওভারের বোলিংয়ে আসেন মোস্তাফিজুর রহমান। ওভারে প্রথম চার বল থেকে ৩ রান দেন মোস্তাফিজ। এরপর পঞ্চম বলে কোহলির ব্যাটের কানায় লেগে চার হয়। শেষ পর্যন্ত ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে ভারত।