মদনে উপ-নির্বাচনে নৌকার জয় 

নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি নৌকা প্রতীকে ৩ হাজার ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফখরুল ইসলাম খান আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬১৭ ভোট।
 
উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান, অবাধ ও সুষ্ঠুভাবে ইভিএম পদ্ধতিতে নায়েকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূইয়া নির্বাচিত হয়েছেন ।

২০২২ সালের ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নায়েকপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে হাবিবুর রহমান (হবু মাতুব্বর) নির্বাচিত হয়। তিনি ২০২২ সালের ২১ জুলাই সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরে ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থা মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৬ হাজার ৫৬১ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৪৭১ জন ভোটার ভোট প্রদান করেছেন।