৮৮তম বিয়ের পিড়িতে বসছেন ৬১ বছর বয়সী এক বৃদ্ধ। শুনতে অবাক করার মতো হলেও ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের মাজালেংকায় ঘটতে যাচ্ছে এই ঘটনা। খবর এনডিটিভির।
তবে এই বিয়েতে আরও চমকের বিষয় হলো, ওই বৃদ্ধ তার সাবেক স্ত্রীকে নতুন করে বিয়ে করতে যাচ্ছেন। কান নামে ওই ব্যক্তি তার ৮৬ তম বিয়েতে এই নারীকে বিয়ে করেছিলেন।
প্রায় শতকের কাছাকাছি বিয়ে করার কারণে কান প্লেবয় কিং নামেও পরিচিত। তিনি পেশায় একজন কৃষক। সাবেক স্ত্রীকে বিয়ে করার প্রসঙ্গে কান বলেন, তিনি তার সাবেক স্ত্রীকে আবার ফিরে পাওয়া প্রত্যাখ্যান করতে পারেননি।
ট্রিবিউননিউজকে এই ব্যক্তি বলেন, যদিও আমাদের অনেকদিন আগে বিচ্ছেদ হয়েছে এরপরেও আমাদের দুইজনের মধ্যে ভালবাসাটা মজবুত আছে। বিয়ের এক মাসের মাথায় কানের সঙ্গে তার এই ৮৬তম স্ত্রীর বিচ্ছেদ হয়। তবে কান জানান, তার সাবেক এই স্ত্রী এখনো তার প্রেমে মজে আছে।
কান আরও জানান, ১৪ বছরে বয়সে তার প্রথম বিয়ে হয়। তার স্ত্রী তার থেকে ২ বছরে বড় ছিল। মালয় মেইলকে কান বলেন, আমার দুর্বল মনোভাবের কারণে বিয়ের দুই বছর পর আমার স্ত্রী বিচ্ছেদ চায়। তবে এই দুর্বল মনোভাবের ব্যাখ্যা দেননি কান।
এই ঘটনার পর অনেক রাগ হয় বলে জানান কান। এরপরেই নারীদের প্রেমের ফাঁদে ফেলার আধ্যাত্মিক উপায় খোঁজা শুরু করেন। কান বলেন, কিন্তু নারীদের জন্য যা ভালো না তা আমি করতে চাই না। আমি নারীদের আবেগ নিয়েও খেলতে চাই না। তিনি আরও বলেন, অনৈতিক কাজ করার চেয়ে, আমার বিয়ে করাই ভালো।
তবে কানের ৮৭ তম বিয়ে পর্যন্ত কত সন্তানের বাবা তা জানা যায়নি।