জেলার বাবুগঞ্জ উপজেলার ভূতেরদিয়া গ্রামে গতকাল শুক্রবার হামলার হাত থেকে এক যুবককে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় মুজাহার হাওলাদার (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, কালাম চাপরাশী, তার চাচাতো ভাই রিপন চাপরাশী, খোকন চাপরাশী ও রুপম চাপরাশী।
বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস জানান, ওই গ্রামের হাবিব হাওলাদারের সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের কালাম চাপরাশীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে হাবিব হাওলাদারের পুত্র সজিব হাওলাদারকে একা পেয়ে কালাম চাপরাশীসহ তার সহযোগীরা মারধর করে গুরুতর আহত করে। এসময় সজিবকে রক্ষায় পূর্ব ভূতেরদিয়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের পুত্র ব্যবসায়ী মুজাহার হাওলাদার এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও (মুজাহার) পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই মুজাহার মারা যায়। এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।