প্রথম নারী চেয়ারম্যান পেলো চান্দিনার মহিচাইল ইউনিয়ন

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোসা. মাকসুদা আক্তার নির্বাচিত হয়েছেন। এর ফলে উপজেলার মহিচাইল ইউনিয়ন পরিষদ প্রথমবারের মতো একজন নারী চেয়ারম্যান পেয়েছে।

বুধবার (০২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং অফিসার আশরাফুল হোসেন।

নব নির্বাচিত চেয়ারম্যান মোসা. মাকসুদা আক্তার মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম রুহুল আমিনের সহধর্মীনি।

চলতি বছরের ৫ জানুয়ারি চান্দিনার ১২ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও মেয়াদ না হওয়ায় মহিচাইল ইউনিয়নে নির্বাচন হয়নি। পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নানা কারণে বিলম্বিত হয়ে চলতি বছরের ৬ জুন ওই ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে প্রার্থীরা প্রতীক নিয়ে মাঠের নামার পর গত ১১ জুলাই রাতে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী একেএম রুহুল আমিনের মৃত্যুতে গত ২০ জুলাই ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ২০ সেপ্টেম্বর পুন তফসিল ঘোষণা হলে স্বামীর বরাদ্দ পাওয়া প্রতীকে নিজের নামে বরাদ্দ নিয়ে নির্বাচনী মাঠে নামেন মরহুম রুহুল আমিনের সহধর্মীনি মোসা. মাকসুদা আক্তার।

বুধবার (২ নভেম্বর) ৯ ওয়ার্ডের ৯ ভোট কেন্দ্রে ইভিএমের ভোট গ্রহণ শেষে বিজয়ের হাসি হেঁসে চান্দিনা উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নাম লেখালেন মাকসুদা আক্তার।