এম নুরুল হক
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, প্রবীণ আইনজীবী, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম নুরুল হক (৯০) গতকাল শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে বাসায় ছুটে যান পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এম আউয়ালসহ বিভিন্ন দলের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। গতকাল বিকালে তাঁর নিজ গ্রাম আইরন জয়কুল এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু প্রমুখ।
আনোয়ার হোসেন মঞ্জুর শোক
এম নুরুল হকের মৃত্যুতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।