বরিশালে বিএনপির ব্যানার ভাঙচুরের অভিযোগ

বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে করা নেতা-কর্মীদের ব্যানার ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিএনপি নেতা-কর্মীদের দাবি বিএনপির সমাবেশ বাধাগ্রস্থ করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার ভাঙচুর করেছে। এদিকে বিকালে নগরীতে মিছিল করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর জিলা স্কুলের মোড়ে সমাবেশ উপলক্ষে বিএনপি নেতাদের করা তিনটি ব্যানার ভাঙচুর করা হয়। 

ছাত্রদল কর্মীরা জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা বিচ্ছিন্নভাবে এসে আমাদের নেতাদের ব্যানার ভাঙচুর করেছে। ছিঁড়ে ফেলে বিভিন্ন জায়গার পোস্টার। 

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাস লঞ্চ বন্ধ করে আমাদের নেতা-কর্মীদের আটকে রাখা সম্ভব নয়। হাজার হাজার নেতা-কর্মী এমনিতেই বরিশাল নগরীতে অবস্থান নিয়েছে। সমাবেশস্থলেও অবস্থান নিয়েছেন শত শত নেতা-কর্মী। 

জনগণের এই আন্দোলনে বাধা দেওয়ার ক্ষমতা সরকারের নেই। অন্যদিকে জিলা স্কুল মোড় থেকে মিছিল বের করে ছাত্রলীগের কর্মীরা। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। 

মহানগর ছাত্রলীগের আহবায়ক রইজ আহম্মেদ মান্না বলেন, বিএনপি সমাবেশের নামে শান্তির নগরী বরিশালে নৈরাজ্যের সৃষ্টি করছে। আর তাদের এই অপপ্রয়াসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।