ইত্তেফাক রিপোর্ট
কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে র্যাব দশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে চালক নুরে আলমকে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মহাখালী রেলগেটের পশ্চিম পাশে নামিরা হোটেলের সামনে শ্যামলী পরিবহনের একটি বাসে এ অভিযান চালানো হয়।
র্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের বাসটি ইয়াবা নিয়ে ঢাকায় আসছে। তথ্য অনুযায়ী ভোর থেকেই টিমের সদস্যদের নিয়ে আমরা বাসটির জন্য অপেক্ষা করি। বাসটি মহাখালী এলাকায় এলে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বাসের সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মহিউদ্দিন ফারুকী বলেন, বাস চালক নূরে আলম নিয়মিত ইয়াবা সেবন করতেন। এর আগেও ইয়াবার চালান নিয়ে ঢাকায় এসেছেন তিনি। এসব ইয়াবা মিয়ানমার থেকে রামু হয়ে কক্সবাজারের চকরিয়ায় আসে। তারপর সেখান থেকে ইয়াবাগুলো শ্যামলী পরিবহনের ওই চালক রিসিভ করে ঢাকা নিয়ে আসেন। তিনি বলেন, আগে কক্সবাজার সীমান্ত হয়ে ইয়াবা আসতো। চালক নূরে আলমের দেওয়া তথ্যে বোঝা যাচ্ছে মাদক কারবারিরা ইয়াবা চোরাচালানের রুট পরিবর্তন করেছে। আটক নুরে আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো ভ- ১৫ -২২৯৬) বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।