জন্মদিনের অনুষ্ঠানে দ্বিজেন শর্মাকে স্মরণ

 ‘তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০১৯’ পাচ্ছেন ড. মনোয়ার হোসেন

ইত্তেফাক রিপোর্ট

নিসর্গবিদ দ্বিজেন শর্মার ৯০তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে জমে উঠেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলা। গত ২৯ মে ছিল তার জন্মদিন রোজার কারণে গতকাল আয়োজন করা হয় অনুষ্ঠানের। এই প্রকৃতিবিদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণের আয়োজন করে তরুপল্লব। যেখানে প্রিয়জনেরা তাকে স্মরণ করলেন। এ সময় বিতরণ করা হয় গাছের চারা। অনুষ্ঠানের দ্বিজেন শর্মা স্মরণে প্রবর্তিত ‘তরুপল্লব দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার-২০১৯’ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এবার এ পুরস্কার পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন। আগামী ১৫ সেপ্টেম্বর দ্বিজেন শর্মার প্রয়াণ দিবসে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কৃষিবিদ হামিদুর রহমান, লেখক ও অধ্যাপক আমিরুল আলম খান, স্থপতি তুঘলক আজাদ, লেখক ও রাজনীতিক ফিরোজ আহমেদ, তরুপল্লবের সদস্য গোলাম শফিক, ইমাম হোসেন গাজী, রাজিয়া সামাদ ডালিয়া, লিফি হক, হেনা সুলতানা, পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক প্রমুখ। সভাপতিত্ব করেন দ্বিজেন শর্মার স্ত্রী ড. দেবী শর্মা।

বক্তারা বলেন , দ্বিজেন শর্মা কয়েক প্রজন্মের মাঝে প্রকৃতি ও বিজ্ঞানের আলো ছড়িয়ে গেছেন। তার আদর্শে উজ্জীবিত তরুণরাই প্রকৃতি সংরক্ষণ আন্দোলনে আগামী দিনের নেতৃত্ব দেবে। দ্বিজেন শর্মাকে একই সঙ্গে কবি ও বিজ্ঞানী উল্লেখ করে তারা বরেন, তার লেখায় অনন্য কাব্যময়তা রয়েছে। তিনি সাহিত্য ও বিজ্ঞানের সুন্দর সম্মিলন ঘটিয়েছেন।