রঙ্গন মিউজিকের সংবর্ধনায় ঝিলিক

গৌরবময় পদ্মা সেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে অনুষ্ঠিত হলো এশিয়ার সঙ্গীত নিয়ে সবচেয়ে বড় আয়োজন ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। সম্প্রতি জমকালো এই অনুষ্ঠানের তারকাদের মেলা বসে। এ আয়োজনে এবার বিষয়ভিত্তিক বিভাগে ‘বাবা’ শিরোনামের গানটির জন্য অ্যাওয়ার্ড পান-কণ্ঠশিল্পী ঝিলিক।

জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেন ইবরার টিপু। মিউজিক ভিডিও নির্মাণ করেন সৈকত রেজা। গানটি প্রকাশ করে রঙ্গন মিউজিক। এবার রঙ্গন মিউজিক থেকে সংবর্ধনা প্রদান করা হলো ঝিলিককে।

এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী, সংগীত পরিচালক ইবরার টিপু, কণ্ঠশিল্পী ইমরান, মুহিন, মিলন ও অয়ন চাকলাদারসহ অনেকে। এ নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

তার ভাষ্য, রঙ্গন মিউজিকের শুরু থেকে আমি সঙ্গে আছি। এবার তাদের গানের জন্য চ্যানেল আই অ্যাওয়ার্ড পেয়েছি। এটা আমার জন্য অনেক আনন্দের।

এ গানটির জন্য গীতিকার জামাল হোসেন ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে এত ভালো একটি গান দিয়েছেন বলেই সবার ভালোবাসা পেয়েছি। ইবরার টিপু ভাইয়ের অসাধারণ সুরে গানটি সবার মন ছুঁয়ে গেছে।’