তিন দিন আগে ঢাকায় অপহৃত ইমরান (২৮) নামের এক কাপড় ব্যবসায়ীকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ওই এলাকার এক বাসা থেকে বাচাঁও বাঁচাও বলে চিৎকার শুনে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
এ সময় ওই বাসা থেকে অপহরণকারী সন্দেহে দুইজন আটক করা হয়।
জানা যায়, অপহৃত ব্যবসায়ী ইমরান নড়াইল সদর থানার আউরিয়া এলাকার মৃত রাঙ্গা মোল্লার ছেলে। তিনি ঢাকার উত্তর খান এলাকার চামুর খান মোড় থেকে ১১ জুন অপহৃত হন। এরপর অপহরণকারীরা হত্যা করার হুমকি দিয়ে মোবাইল ফোনে তার স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে। ইমরানকে ফিরে পেতে স্বজনরা দু’দফায় বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা মুক্তিপণও দেয়। তারপরও ইমরানকে না ছেড়ে আরো টাকা দাবি করে অপহরণকারীরা।
শুক্রবার বেলা ১১টার সময় জালকুড়ি সিকদারবাড়ী এলাকার আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ভাড়া বাড়ির ৫ তলায় থেকে বাচাঁও বাঁচাও বলে চিৎকার শুনে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: আবদুর রাজ্জাক দুপুর ১২টায় ওই বাড়ির ৫ তলার ভাড়াটিয়া মো: সজল ইসলামের ফ্ল্যাট বাসায় অভিযান চালায়।
এসময় অপহৃতকে উদ্ধার করে।
অপহরণকারী মো: সজল ইসলাম (২৮) এবং তার স্ত্রী মৌসুমী আক্তার মিতুকে (২৫) গ্রেফতার করে পুলিশ। সজল হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার রসুলপুর গ্রামের মো: তোতা মিয়ার ছেলে।
আরও পড়ুন: দিনে রিকশা চালক, রাতে ভয়ংকর ডাকাত
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন পারভেজ জানান, অপহরণ ঘটনার সাথে জড়িত থাকায় সজল ইসলাম ও তার স্ত্রী মিতুকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে একটি সংঘবদ্ধ চক্র এ কাজের সাথে জড়িত। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি