বারো ভুঁইয়ার অন্যতম প্রধান ঈশা খাঁর দ্বিতীয় স্ত্রী স্বর্ণময়ী, হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে ঈশা খাঁর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মতান্তরে জোর করে মুসলমান বানিয়ে যাঁকে ঈশা খাঁ বিবাহ করেছিলেন। সেই স্বর্ণময়ী ও ঈশা খাঁর প্রেমের অজানা উপাখ্যান নিয়ে মঞ্চে নতুন নাটক এনেছে 'নাট্যধারা'।
শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে উদ্বোধনী মঞ্চায়ন হয় এ নাটকের। এটি নাট্যধারার ২৮তম প্রযোজনা। গাজী রহিসুল ইসলাম তমালের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন লিটু সাখাওয়াত।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রিয়াদ, দীপান্বিতা, তমাল, পারভেজ, মাহবুব, লিটু, রফিকুল, ছন্দা, রুবেল, হাফসা, হাসিব, বায়েজিদ, অংকন ও রাই। নাটকের আলো ও মঞ্চ পরিকল্পনা করেছেন হেনরি পলাশ সেন।
উদ্বোধনী মঞ্চায়নের আনুষ্ঠানিকতায় বক্তব্য দেন শিশু একাডেমি চেয়ারম্যান ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য লাকী ইনাম, নাট্যনির্দেশক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তী, কলকাতার নাট্য সংগঠক তাপস ব্যানার্জি।
লাকী ইনাম বলেন, "নতুন মানেই ভিন্ন কিছু। সবাই নতুনদের সুযোগ দেয়ার সাহস করে না। নাট্যধারা সবসময়ই এই সাহস দেখিয়ে চলেছে। এতে আমি মুগ্ধ। এটি নাট্যকারের প্রথম নাটক। তার প্রতি শুভকামনা রইলো। শুভকামনা রইলো নির্দেশক সহ সকল কুশীলবদের জন্য। নতুন নাট্যকার ও নির্দেশক তৈরিতে অন্যান্য দলকেও আমি বলবো যেনো নাট্যধারা'র মতো সাহসী পদক্ষেপ নেয়। শুভেচ্ছা নাট্যধারাকে।"
সুদীপ চক্রবর্তী বলেন, "মঞ্চে নতুন নাটক মানেই এক অন্যরকম অনুভূতি কাজ করে আমাদের মাঝে। নাট্যকার, নির্দেশক, কলাকুশলীদের জন্য রইলো শুভকামনা। নাট্যধারা সবসময়ই দারুণ সব কাজ করে। নাট্যধারা যদি কখনো আমাকে ডাকে, আমি তাদের সাথে কাজ করতে আগ্রহী।"
তাপস ব্যানার্জি বলেন, "নাট্যধারা'র সাথে আমার আত্মার সম্পর্ক হয়ে গেছে। আমি যখনই জানতে পেরেছি নতুন নাটক আসছে নাট্যধারা'র, ছুটে চলে এসেছি। এ সম্পর্ক অব্যাহত থাকবে। শুভকামনা নাট্যকার ও নির্দেশককে।"মঞ্চস্থ হলো নতুন নাটক ‘স্বর্ণময়ী’