ইসরাইলে ব্রিটেনের দূতাবাস তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেমে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই যুক্তরাজ্যের। দেশটির নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্র বলেছেন, দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়ে তার পূর্বসূরির পরিকল্পনাকে খারিজ করে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী। জানা গেছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মুখপাত্রের কাছে দূতাবাস স্থানান্তরের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের এমন কোনো পরিকল্পনা নেই।’ খবর আলজাজিরা
প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাস ক্ষমতায় আসার পর ব্রিটিশ দূতাবাস ইসরাইলের তেল আবিব থেকে জেরুজালেমে দ্রুত স্থানান্তরের উদ্যোগ নেন। কিন্তু ব্রিটেনের অভ্যন্তরীণ ইস্যুতে আইন প্রণেতাদের চাপে গত মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি। এরপরই দায়িত্ব পান কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক।
উল্লেখ্য, ২০১৭ সালে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দিয়ে বিতর্ক উসকে দেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর একবছর পর তা বাস্তবায়ন হয়। এ নিয়ে ফিলিস্তিনের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরুদ্ধ গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে টানা কয়েক দিন বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। বিক্ষোভ দমনে ব্যাপক হামলা চালায় ইসরাইলি বাহিনী। এসময় ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হন অর্ধশত ফিলিস্তিনি। ১৯৬৭ সালে আরবদের সঙ্গে যুদ্ধে জিতে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয় এবং পুরো জেরুজালেম শহরটিকে ইসরাইলি রাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করে।