পাবনায় অজ্ঞাত গাড়ির চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পাবনার সদর উপজেলার টেবুনিয়া এলাকায় শনিবার (০৫ নভেম্বর) সকালে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই মহল্লার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল জানান, সকাল ৭টার দিকে একটি মোটরসাইকেলে ওই দুজন পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড় পার হওয়ার সময়ে তাদের অজ্ঞাত গাড়ি চাপা দেয়।এ সময় ঘটনাস্থলেই সুমন ঘোষ নিহত হন। স্থানীয়রা আহত আরিফুল ইসলামকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।