সারাদেশে রোববার (৬ নভেম্বর) থেকে একযোগে শুরু হয়েছে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় সিলেট বোর্ডের অধীনে মোট ৬৭ হাজার ৫২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এদিকে, সিলেট কেন্দ্রীয় কারাগারে বসে পরীক্ষা দিয়েছেন জুনায়েদ মিয়া নামে একজন আলিম পরীক্ষার্থী। তিনি নগরীর হযরত শাহজালাল দারুছ-সুননা মাদরাসার শিক্ষার্থী। হবিগঞ্জের বহুবল উপজেলার দিমুড়া গ্রামের বাসিন্দা তিনি।
কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, জুনায়েদ মিয়া হত্যা মামলার আসামি। গত ১২ অক্টোবর তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে সিলেট কারাগারে আনা হয়। সিলেট আলিয়া মাদরাসার একজন শিক্ষক পরীক্ষাকালীন সময়ে ডিউটিতে ছিলেন।
সিলেট বিভাগে পরীক্ষাথীর মধ্যে ছাত্র ২৯ হাজার ১৫৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৩৭২ জন। মোট ৩০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসব পরীক্ষার্থী অংশ নেয়। এ বছর সিলেট বোর্ডের অধীনে মোট ৮৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
বিভাগে পরীক্ষার্থীর তুলনায় শীর্ষে আছে সিলেট জেলা। এখানে ২৯ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মৌলভীবাজারে পরীক্ষার্থী সংখ্যা ১৩ হাজার ৮২৪, সুনামগঞ্জে ১২ হাজার ৩৬৯ এবং হবিগঞ্জে ১১ হাজার ৭৮৪ জন।
বোর্ডের সচিব প্রফেসর মো. কবির আহমদ জানান, নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা আয়োজনে প্রস্তুতি সম্পন্ন হয়। এর আগে গঠন করা হয় একাধিক ভিজিল্যান্স টিম। এছাড়া কেন্দ্রে কেন্দ্রে প্রশাসনিক কর্মকর্তাদের নজরদারি ছিল।
অন্যদিকে, এইচএসসি পরীক্ষা উপলক্ষে সিলেট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে পরীক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে। কক্ষে চারজনকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিত, মেন্টেন্যান্স ইঞ্জিনিয়ার কেএম জুবায়ের আরেফিন, সেকশন অফিসার মো. মশাহিদ আলী ও উচ্চমান সহকারী রাবেয়া বেগম।
এছাড়া এইচএসসি, আলিম, ভোকেশনাল পরীক্ষা নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সিলেট নগরীর ২০টি এলাকাকে অস্থায়ীভাবে ‘সংরক্ষিত এলাকা’ হিসেবে ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ। এসব এলাকায় সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল জানান, এবার এইচএসসি পরীক্ষায় ৩০৪টি কলেজের শিক্ষার্থীরা ৮৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। জেলাওয়ারী পরীক্ষা কেন্দ্র হচ্ছে সিলেটে ৩৩, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৪ এবং সুনামগঞ্জে ২১টি। গত সপ্তাহ পর্যন্ত এইচএসসির ফরম-ফিলাপ সম্পন্ন হওয়ায় শেষ মুহূর্তে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৫২৬ জন। পরীক্ষা নির্বিঘ্ন করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন তিনি।