জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের মুখপাত্র হয়েছেন কাজী মামুনুর রশীদ।
শনিবার (৫ নভেম্বর) সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়কদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর রোববার (৬ নভেম্বর) বিশেষ বিজ্ঞপ্তিতে এ আদেশের কথা জানানো হয়েছে।
জাতীয় পার্টির সাবেক এই প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদ দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুগ্ম আহবায়কদের মতামত ও সর্বসম্মতিক্রমে পার্টির দশম কাউন্সিল না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদ জাতীয় পার্টি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ আদেশ এরই মধ্যে কার্যকর হয়েছে। এখন থেকে যে কোনো সংবাদ ও তথ্য বা সাংগঠনিক আদেশ সংবাদ মাধ্যমে সরবরাহ করা হবে মুখপাত্রের পর্যবেক্ষণ ও অনুমোদন সাপেক্ষে। যা গণমাধ্যমে প্রেরণ করা হবে প্রেস উইংয়ের মাধ্যমে।
যুগ্ম আহবায়কদের চূড়ান্ত সিদ্ধান্ত ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ’র সুপারিশক্রমে কাজী মামুনুর রশীদের নিয়োগ অনুমোদন দিয়েছেন বেগম রওশন এরশাদ এমপি।