পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান গত বৃহস্পতিবার (৩ মার্চ) ওয়াজিরাবাদে তার লংমার্চে গুলিবদ্ধ হন। সেই হামলা তার দলের এক কর্মী নিহত ছাড়াও আরও ১৩ জন আহত হয়েছেন। এর পর থেকে সাময়িকভাবে লংমার্চ বন্ধ হয়ে যায়।
তবে আজ রোববার ইমরান খান ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে হামলা স্থান থেকে লংমার্চ শুরু হবে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের মার্চ ওয়াজিরাবাদের একই স্থান থেকে মঙ্গলবার থেকে শুরু হবে। যেখানে আমি ও আরও ১১ জন গুলিবিদ্ধ হই এবং মোয়াজ্জাম শহীদ হয়েছেন। লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান এসব কথা বলেছেন।
সংবাদ সম্মেলনে ইমরান বলেন, আমি এখান (লাহোর) থেকে ভাষণ দেবো এবং আমাদের মার্চ আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে রাওয়ালপিন্ডি পৌঁছাবে। তিনি জানান, লংমার্চ রাওয়ালপিন্ডিতে পৌঁছালে তিনি সেখানে যোগ দেবেন এবং নেতৃত্ব দেবেন।
গুলিবিদ্ধ হওয়ার একদিন পর পিটিআই প্রধান জানান, তিনি আগে থেকেই তাকে হত্যাচেষ্টার ব্যাপারে জানতেন। ইমরান বলেন, সমাবেশ শুরুর একদিন আগেই আমি জানতাম ওয়াজিরাবাদ বা গুজরাটের মধ্যে আমায় হত্যার পরিকল্পনা হয়েছে।
তিনি এই হামলার পেছনে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও এক শীর্ষ সামরিক কর্মকর্তা জড়িত আছে বলে সন্দেহের কথা জানান।