নেত্রকোনার কেন্দুয়ায় নয়ন মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
গত রাতে নিখোঁজ হওয়ার পর সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মাসকা ইউনিয়নের পানগাঁও গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিক্ষার্থী নয়ন মিয়া পানগাঁও গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।
পুলিশ, শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রোববার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে নয়ন মিয়াকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। সোমবার সকালে একই গ্রামের নির্মাণাধীন একটি বাড়ির পাশে নয়ন মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে বিষয়টি জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন জানান, খবর পেয়ে কেন্দুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েদ আফ্রাদ এবং আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণ করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।