যে কারণে ক্যাম্পাসেই গায়ে হলুদ !

হেমন্তের দুপুরে মেঘ আর রোদের লুকোচুরি। ঝিরিঝিরি বাতাস এসে পড়ছে চোখে মুখে। এরই মধ্যে একদল শিক্ষার্থী হলুদ শাড়ি ও পাঞ্জাবিতে নাচে গানে আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। তাদের সঙ্গে শিক্ষকেরাও শামিল হয়েছেন। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সবুজ আঙ্গিনায় সোমবার (৭ নভেম্বর) বিকালে এ দৃশ্যের দেখা মেলে। যা চলে বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত। ক্যাম্পাসের জিমনেসিয়াম সংলগ্ন উন্মুক্তস্থানে গাছের ছায়ায় বাঁশের ডালা, কুলা, মাটির ঘড়া ও মটকা দিয়ে সাজানো হয় মঞ্চ। সঙ্গে হরেক রকমের খাবারের সমাহার তো রয়েছেই। নিজ ক্যাম্পাসে এমনই এক ভিন্নধর্মী গায়ে হলুদের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রানিমের। 

জানা যায়, রানিমের কনে তাজবিন হাসান ইলা। ইলা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তাদের দু’জনের বাড়িই ফরিদপুরে। কিছু দিনের মধ্যেই তাদের বিয়ে হবে। বন্ধুরা সবাই সেখানে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এ কারণে ক্যাম্পাসেই ভিন্নধর্মী এ গায়ে হলুদের আয়োজন করেন বরের বন্ধু-সহপাঠীরা। 

iu news pic 07-11-22

এমন আয়োজনে মুগ্ধ বর রানিমও। তিনি ইত্তেফাককে বলেন, বন্ধুদের অনেকে ফরিদপুর গিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবে না। বন্ধু বান্ধব ও ছোটো ভাইবোনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতেই এ প্রচেষ্টা। চমৎকার আয়োজন করেছে ওরা। খুব ভালো লাগছে আমার।

বরের সহপাঠীরা ইত্তেফাককে বলেন, চমৎকার এ আয়োজন আমাদের সকলের মধ্যে সুন্দর একটি মেলবন্ধন তৈরি করেছে। এতে আমাদের প্রিয় শিক্ষকেরাও অংশগ্রহণ করেছেন। এমন আয়োজন আজীবন মনে থাকবে।

হলুদ উৎসবে দেখা মিললো বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. গাজী আরিফুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, বরের বন্ধু-সহপাঠীদের উদ্যোগে করা এমন একটি চমৎকার আয়োজনে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। ওদের পরবর্তী জীবন সুন্দর কাটুক।

iu news pic1 07-11-22

গায়ে হলুদ অনুষ্ঠানে এসেছেন একই বিভাগের শিক্ষক প্রফেসর ড. হাফিজুর রহমান। নিজ বিভাগের শিক্ষার্থী বরকে আশীর্বাদ করেছেন এই শিক্ষক। তিনি বলেন, বিভাগের সবাই আমরা একটি পরিবার। সে হিসেবে ক্যাম্পাসে আমি বরের অভিভাবক। ওদের জন্য দোয়া ও শুভকামনা রইলো।