পাকিস্তানের কড়া সমালোচনায় হামিদ কারজাই 

পাকিস্তানের কড়া সমালোচনা করলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই। গত বছরে তালেবানের কাছে আফগান সরকারের পতন ঘটে। এরপর বহু আগফানি পাকিস্তান পাড়ি দেয়। এসব শরণার্থীর সঙ্গে পাকিস্তান সরকার দুর্ব্যবহার করছে বলে অভিযোগ। এ কারণে কারজাই পাকিস্তানের সমালোচনা করেছেন। খবর খামা প্রেসের। 

গতকাল সোমবার হামিদ কারজাই এক টুইটে লিখেছেন, মিডিয়া রিপোর্টের তথ্যানুসারে এক হাজার ১০০ জনের বেশি আফগান শরণার্থীকে সিন্ধু প্রেদেশে গ্রেফতার করা হয়েছে। এরপর তাদের জেলে পাঠানো হয়।  

এসব শরণার্থীর সঙ্গে পাকিস্তান সরকার যে দুর্ব্যবহার করেছে সেই জন্য উদ্বেগ প্রকাশ করেন কারজাই। তিনি পাকিস্তান প্রশাসনকে আফগান শরণার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের আহ্বান জানান। আন্তর্জাতিক আইন ও মানবিক অধিকার মূল্যবোধের ওপর ভিত্তি করে তাদের সঙ্গে আচরণ করার আহ্বান জানান।  

এছাড়া তিনি জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থাকে পাকিস্তানে আফগান শরণার্থীদের পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছে। বহু বছর থেকেই লাখ লাখ আফগান শরণার্থী পাকিস্তানে বসবাস করছে। আফগান সরকার পতনের পর পাকিস্তানে আফগান শরণার্থীদের সংখ্যা বাড়ছে।    

খামা প্রেস বলছে, হাজার হাজার আফগান তুরখান এবং স্পিন বলদাক সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তান ঢুকে। এদের বেশির ভাগেরই বৈধভাবে প্রবেশের অনুমতি এবং  ভিসা নেই।  

রিপোর্ট,  পাকিস্তানে নতুন করে আফগান শরণার্থী বেড়ে যাওয়ার কারণ হিসেবে আফগানিস্তানে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটকে দায়ী করা হয়েছে। গত বছরে আন্তর্জাতিক বহু এজেন্সি এবং ত্রাণ সংস্থা দেশটি থেকে চলে যাওয়ায় হাজার হাজার আফগানি চাকরি হারিয়েছে।