কাউখালী শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে রাস উৎসব শুরু

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচদিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব বুধবার (০৯ নভেম্বর) শুরু হচ্ছে। শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীমদ্ দূর্গাপ্রসন্ন পরমহংদেবের ১৩১তম আবির্ভাব তিথি রাস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়।

শ্রীগুরু সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী বুধবার সকালে আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করবেন।  এর পর পরই একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও ভক্তরা উৎসবে সমবেত হবেন বলে জানা গেছে।

আশ্রমের সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত জানান, বিশ্ব চরাচরের দুঃখ বিমোচন, অধর্মের গ্লানি থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপণার্থে বিশ্ব শান্তি কামনায় পাঁচ দিনব্যাপী এ উৎসবে ২৪ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হবে।

kawkhali Pic

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে মঙ্গল আরতি, শ্রীমদ্ভাগবদ গীতা ও গুরুগীতা পাঠ, বস্ত্র বিতরণ, সরকারি হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, সান্ধ্যকালীন প্রার্থনা ও ধর্ম সভা ইত্যাদি।

আগামী ১৩ নভেম্বর সমাপনী দিনে গুরুপূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

এদিকে,  উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকা জুড়ে রাস মেলা বসেছে।