মিঠাপুকুরে ড্রাম ট্রাকের চাপায় স্কুলছাত্র নিহত

রংপুরের মিঠাপুকুরে ড্রাম ট্রাকের চাপায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্র নিহত হয়েছেন। বুধবার ভোরে শঠিবাড়ী-বালুয়ামাসিমপুর-আফতাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এজরাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম মিয়া  উপজেলার রাণীপুকুর ইউনিয়নের শোলাগাড়ী গ্রামের মফিজুল ইসলামের ছেলে এবং বলদীপুকুর শাহ্ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণির ছাত্র। লেখাপড়ার পাশাপাশি সে ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার রাতে সে উপজেলার মিলনপুর এলাকা থেকে ট্রাক্টরে (মাহেন্দ্র) বালু উত্তোলনের কাজে ব্যবহৃত স্কেবেটর (ভেকু) নিয়ে শঠিবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ট্রাক্টরটি বিকল হয়ে পড়লে সড়কের পাশে রেখে সে ঘুমিয়ে পড়ে। ভোরে একটি বালুবোঝাই ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে  খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি জানান, ড্রাম ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে।