যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে কঠিন লড়াই চলছে। মঙ্গলবারের ভোটের পর গতকাল বুধবার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা ২১০টি এবং ডেমোক্র্যাটরা পেয়েছেন ১৯৪টি আসন। উচ্চকক্ষ সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রিপাবলিকান পার্টি ৪৯টি ও ডেমোক্র্যাটিক পার্টি ৪৮টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রতিনিধি পরিষদে ২১৮ এবং সিনেটে দরকার ৫১টি আসন।
জানা গেছে, কোন দল কংগ্রেসের নিয়ন্ত্রণ পাবে তা নির্ভর করছে তিনটি রাজ্য জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাদার ফলাফলের ওপর। গভর্নরের নির্বাচনে রিপাবলিকানদের হাতি ২৪টিতে ও ডেমোক্র্যাটদের গাঁধা ২২টিতে জয় পেয়েছে। বুথফেরত সমীক্ষা বলছে, এই নির্বাচনে অর্থনীতি এবং গর্ভপাতই ভোটারদের মধ্যে প্রভাব রেখেছে। এদিকে রাশিয়া গতকাল এক প্রতিক্রিয়ায় বলেছে, মধ্যবর্তী নির্বাচনেও আমেরিকার সঙ্গে খারাপ সম্পর্কের কোনো পরিবর্তন হবে না।
লাল ঢেউ হয়নি : রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদে এগিয়ে থাকলেও ভোটের পূর্বাভাস অনেকটাই উলটে গেছে। যেভাবে রিপাবলিকানদের লাল ঢেউয়ের আভাস পাওয়া গিয়েছিল, তা হয়নি। গতকাল ফল ঘোষণা শুরু হতেই রিপাবলিকান শিবিরে উদ্বেগের মেঘ জমতে শুরু করে। ভোটের ফল ঘোষণা যত হচ্ছে, হোয়াইট হাউজের মনোভাব চাঙ্গা হচ্ছে। কারণ ভোটের পূর্বাভাসের তুলনায় ডেমোক্র্যাটরা অনেক ভালো করছেন। টুইটারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছেন। মঙ্গলবার সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি সাধারণ আসনের সবকটিতেই ভোট গ্রহণ হয়। সিনেটে বর্তমানে উভয় দলের ৫০-৫০ আসন রয়েছে। তবে ভাইস প্রেসিডেন্টের ভোটটি ক্ষমতাসীন দলের পক্ষে যায়। এই ভোট নিয়ে সিনেটে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ৫১টি। প্রতিনিধি পরিষদে গতকাল রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩১টির ফলাফল পাওয়া যায়নি।
এনবিসি নিউজের প্রজেকশন অনুযায়ী, রিপাবলিকান পার্টি ২২০টি এবং ডেমোক্র্যাটিক পার্টি ২১৫টি আসন পেতে পারে। প্রতিনিধি পরিষদে পপুলার ভোটের ৫২ দশমিক ২ শতাংশ রিপাবলিকান এবং ৪৫ দশমিক ৮ শতাংশ পেয়েছেন ডেমোক্র্যাটরা। আর সিনেটে তিনটি আসনের ফল পাওয়া যায়নি। সিএনএন জানিয়েছে, এর মধ্যে জর্জিয়ার আইন অনুযায়ী, দুই প্রার্থীর কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ৬ ডিসেম্বর আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে অ্যারিজোনায় ডেমোক্র্যাট প্রার্থী এবং নেভাদায় রিপাবলিকান প্রার্থী এগিয়ে। এই তিন রাজ্যের ওপর নির্ভর করবে সিনেটে কারা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি আশা করছেন, তিনি পরিষদের স্পিকারের দায়িত্ব পেতে পারেন। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা জয় পেলে তিনিই স্পিকার হবেন। আর বর্তমান স্পিকার ন্যান্সি পেলোসিকে বিদায় নিতে হবে। তবে পেলোসি তার আসনে জয় পেয়েছেন।